NEWSTV24
ফেরিডুবি গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ভয়াবহ ফেরিডুবি
সোমবার, ২০ জুলাই ২০২৬ ১৭:১৯ অপরাহ্ন

NEWSTV24

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে ১৩৩ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। শনিবার স্থানীয় সময় রাজধানী জর্জটাউন থেকে ছেড়ে যাওয়ার পর এমভি বারিমা (MV Barima) নামের ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। ফেরিটিতে ১১৬ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য ছিলেন।

স্থানীয় সময় রাত ১১টা ১ মিনিটে জরুরি সংকেত পাওয়ার পর সরকারি উদ্ধারকারী দল, কোস্ট গার্ড এবং বেসরকারি নৌযানের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। নিখোঁজদের সন্ধানে রোববারও অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে।

গায়ানার জনপথমন্ত্রী হুয়ান এডগিল বলেন, ফেরিতে থাকা প্রত্যেকের খোঁজ পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য সব এলাকায় অনুসন্ধান চলছে।

প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ, ১১ জন নারী এবং ফেরিটির ক্যাপ্টেন রয়েছেন। তিনি বলেন, ক্যাপ্টেন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উদ্ধার অভিযানে সহায়তা করতে আবার ঘটনাস্থলে ফিরে গেছেন। কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার সময় ফেরিটি নির্ধারিত ধারণক্ষমতার মধ্যেই চলাচল করছিল। ৩০০ জনের বেশি যাত্রী বহনের অনুমোদন থাকলেও দুর্ঘটনার সময় এতে মোট ১৩৩ জন ছিলেন।উদ্ধার অভিযান শেষ হওয়ার পর যাত্রীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিখোঁজদের স্বজনদের সহায়তায় বিশেষ তথ্য ও সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশে রওনা হওয়া ফেরিটি আয়রন পন্ট এলাকার কাছে উল্টে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এমভি বারিমায় ২৫০টি লাইফ জ্যাকেট, দুটি শক্ত কাঠামোর লাইফক্রাফট এবং ছয়টি ফোলানো যায় এমন লাইফক্রাফট ছিল। ১৯৩৯ সালে নির্মিত ৪০ মিটার দীর্ঘ এই ফেরিটি দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল। তথ্যসূত্র: বিবিসি