জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বর নিউইয়র্ক সফরের সম্ভাবনা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তার সম্ভাব্য সফরকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্ভাব্য আইনি পদক্ষেপের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে।
মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করে বলেছেন, গাজা যুদ্ধের ঘটনায় তার বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তার মতে, আন্তর্জাতিক আইনের আওতায় নেতানিয়াহুর বিচার হওয়া প্রয়োজন।
নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মামদানি সরাসরি কোনো সিদ্ধান্তের কথা জানাননি। তিনি বলেন, বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের ক্ষেত্রে নিউইয়র্ক সিটি প্রশাসনের আইনগত এখতিয়ার কতটুকু, তা নিয়ে জটিলতা রয়েছে। এ কারণে বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে।
মেয়র জানান, এ বিষয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে তার প্রশাসনের আলোচনা চলছে। তবে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা বিদ্যমান আইন ও আইনি এখতিয়ারের মধ্যেই নিতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে, গাজা যুদ্ধের ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আইসিসির ওই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, সাম্প্রতিক সময়েও আইসিসিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বিরোধ অব্যাহত রয়েছে।