NEWSTV24
indonesia ইন্দোনেশিয়ায় বিয়ের অতিথিবাহী পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ১৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৭:৩৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অতিথিবাহী একটি পিকআপ দুই ট্রাকের মাঝে চাপা পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রোববার (১২ জুলাই) বিকেলে ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজারান কুলোন গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় পিকআপটিতে থাকা যাত্রীরা পাশের পারিয়ান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীরা একটি খোলা পিকআপে করে ফিরছিলেন। মহাসড়কে ইউ-টার্ন নেওয়ার জন্য ডিভাইডারের কাছে এসে পিকআপটি গতি কমিয়ে থামলে একই দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক পিকআপটিকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা অনেক যাত্রী সড়কে ছিটকে পড়েন।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ায় অতিরিক্ত যাত্রী ও মাল বহন, সড়ক নিরাপত্তার ঘাটতি এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে।