লিওনেল মেসির অ্যাসিস্টে শুরুতে এগিয়ে গিয়েও নির্ধারিত ৯০ মিনিটে জয় নিশ্চিত করতে পারেনি আর্জেন্টিনা। ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১০ জনের সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ সমতায় শেষ হয়েছে নির্ধারিত সময়। ফলে সেমিফাইনালের শেষ টিকিটের লড়াই গড়িয়েছে অতিরিক্ত সময়ে।কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটে মেসির কর্নার থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। ৬৭ মিনিটে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান ড্যান এনদোয়ে।সমতায় ফেরার পাঁচ মিনিট পরই বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ৭২ মিনিটে ডি বক্সে সিমুলেশনের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্ট্রাইকার ব্রিল এম্বোলো। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় সুইসদের।একজন বেশি খেলোয়াড় নিয়ে শেষ দিকে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। লিওনেল মেসি, নিকোলাস গনসালেস, লিসান্দ্রো মার্তিনেজরা সুযোগ পেলেও সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের দৃঢ়তায় গোলের দেখা মেলেনি।নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন থাকে ১-১। ফলে বিশ্বকাপের এই রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালের নিষ্পত্তির জন্য ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।