NEWSTV24
হরমুজ সংকট নিয়ে আলোচনা করতে ওমানে আব্বাস আরাগচি
শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৮:১৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে চলমান আলোচনার অংশ হিসেবে ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল, নিরাপত্তা ব্যবস্থা এবং এর ব্যবস্থাপনা নিয়ে তেহরান ও মাসকাটের মধ্যে গত দুই মাস ধরে ধারাবাহিক আলোচনা চলছে। সেই আলোচনাকে আরও এগিয়ে নিতে আরাগচির এই সফর।

ইরানের কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং এর নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পরিচালনা করা তাদের সার্বভৌম অধিকার। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি পরিবহন হয়ে থাকে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাসে বিভিন্ন চুক্তি ভঙ্গের নজির রয়েছে।

বাঘেই জানান, বর্তমান পরিস্থিতিতে ইরান নতুন করে কোনো আলোচনার আবেদন করেনি। তবে কোনো মধ্যস্থতাকারী তেহরানে এলে তাদের স্বাগত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

ইরানের এই মুখপাত্র আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে দেওয়া ছাড় প্রত্যাহারের সিদ্ধান্তের মাধ্যমে সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করা হয়েছে।