NEWSTV24
অনলাইনে বাড়ছে ফল বিক্রির জনপ্রিয়তা, বাড়ছে কর্মসংস্থান
রবিবার, ২৮ জুন ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

ছাত্রজীবনেই অনলাইনে আম বিক্রি শুরু করেছিলেন জয়পুরহাটের মেহেদী হাসান বন্ধন। ঢাকায় পড়ালেখার পাশাপাশি চাকরি করার সময় ২০১৮ সালে অনলাইনে আম বিক্রি শুরু করেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করে কারও কাছে ৫ কেজি কারও কাছে ১০ কেজি আম বিক্রি করতেন। সময়ের সঙ্গে সেই ছোট উদ্যোগই পরিণত হয়েছে পেশায়। পড়ালেখা শেষে গ্রামে ফিরে রাজশাহী অর্গানিক ফুডস নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করছেন এই তরুণ উদ্যোক্তা।শুধু মেহেদী হাসান নন, তার মতো অসংখ্য তরুণের হাত ধরে দেশের অনলাইন ফল ব্যবসা ধীরে ধীরে আরও বেশি জনপ্রিয় ও সম্ভাবনাময় হয়ে উঠছে।খাত সংশ্লিষ্টদের ধারণা অনুযায়ী, অনলাইনে ফল বিক্রির সঙ্গে প্রায় ২০ হাজার উদ্যোক্তা জড়িত। চাঁপাইনবাবগঞ্জেই প্রায় পাঁচ থেকে ছয় হাজার তরুণ-তরুণী অনলাইনে আম বিক্রির সঙ্গে যুক্ত। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ টন আম অনলাইনে বিক্রি হচ্ছে। বর্তমানে কোনো কোনো প্রতিষ্ঠান বছরে এক হাজার টন ফলও অনলাইনে বিক্রি করছে। প্রতিষ্ঠানগুলোর কোনো কোনোটিতে সারা বছরই অন্তত ৫০ জন থেকে ১০০ জনের কর্মসংস্থান হচ্ছে।

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাংগো লাভার, প্রিমিয়াম ফুডস, বরেন্দ্র এগ্রো পার্ক, রাজশাহী অর্গানিক ফুডস, নাহিদস ওয়ার্ল্ড, সেরা খাবার, মশাল বাজার, হেল্পফুল শপ ফুডসসহ অসংখ্য পেজে এখন আমসহ নানা ফল বিক্রি হচ্ছে। ফলের পাইকারি বাজার সহ বিভিন্ন ফেসবুক গ্রুপেও আমসহ বিভিন্ন ফল বিক্রি হচ্ছে। এসব পেজ ও গ্রুপে ১০০ থেকে ১৪০ টাকা কেজিতে নানান ধরনের আম বিক্রি হচ্ছে। বিভিন্ন সময়ে নানান ধরনের ফল বিক্রি হলেও বর্তমানে শুধু আমই বিক্রি হচ্ছে। অনলাইন পেজ ও গ্রুপে সবচেয়ে বেশি আমই বিক্রি হয়।মেহেদী হাসান বন্ধন অনলাইনে ফল বিক্রির পাশাপাশি বর্তমানে কাজ করছেন ফ্রিল্যান্সিংয়ে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি শেষ করেছেন।