প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং রাষ্ট্রীয় মর্যাদায় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেছেন। দেশটির স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সংবর্ধনা ও গার্ড অব অনারের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) ও ২টি চুক্তি স্বাক্ষরিত হয়। যা দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর চীন সফরের শেষ দিন আজ শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠকে তিস্তাসহ বিভিন্ন নদীব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীন ঐকমত্য হয়েছে। বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে (গ্রেট হল অব দ্যা পিপল)
তিস্তাসহ বিভিন্ন নদীব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন ঐকমত্য : তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়েছে বাংলাদেশ ও চীন। গতকাল দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা চান। পাশাপাশি তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন।
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা : প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। গতকাল বিকালে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান। শুভেচ্ছাবিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয়পর্বের পরে প্রধানমন্ত্রীকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম প্রদান করে চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকশ দল। গার্ড অব অনারের পর দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি সফর।