NEWSTV24
মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ আদালতে চার্জশিট গঠন
সোমবার, ০৮ জুন ২০২৬ ১৭:৫৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ আদালতে চার্জশিট গঠন করা হয়েছে। অভিযোগকারী তনয় শাস্ত্রীর আবেদনের ভিত্তিতে গত ২ জুন আদালত এ সিদ্ধান্ত নেয়। তনয় নিজেই বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তাঁর দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে হাজিরা দিতে হতে পারে মিমি চক্রবর্তীকে।

এ প্রসঙ্গে তনয় শাস্ত্রী বলেন, মিমি একবারও আদালতে হাজির হননি। ২ জুনও তিনি উপস্থিত ছিলেন না বরং তাঁর আইনজীবী আদালতে উপস্থিত হয়ে বারবার সময় চেয়েছেন। তনয়ের অভিযোগ, এভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তাই তাঁর আইনজীবী ও বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

 

তনয়ের ভাষ্য, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। আদালতে হাজিরা দিতেই হবে মিমিকে। তিনি এই মামলার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলেও জানান। একই সঙ্গে অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তাঁকে জেলে পাঠানো হয়েছিল।

 

চলতি বছরের ২৬ জানুয়ারি বনগাঁর গোপালগঞ্জ এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যান মিমি চক্রবর্তী। পরে তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান চলাকালে তনয় শাস্ত্রী তাঁকে ‘অভদ্রভাবে’ মঞ্চ থেকে নেমে যেতে বলেন। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মিমির অভিযোগের তদন্তে তনয়ের বাড়িতে গেলে পুলিশ সদস্যদের কাজে বাধা দেওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তনয়কে গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি কারাগারে যান। পরবর্তীতে জামিনে মুক্তি পান।