NEWSTV24
রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ১২:০১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই।আজ বৃহস্পতিবার সকালে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আদালত। যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে। এ সময় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলেন, আগামী সপ্তাহের শুরুতেই এ মামলার রায় দেওয়া হতে পারে।গতকাল বুধবার এ মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের দায় স্বীকার করে ক্ষমা চান আসামি সোহেল রানা।আদালতকে সোহেল বলেন, আমার বউটা একদম নির্দোষ, স্যার। এ সময় বিচারক তাকে থামিয়ে দেন এবং স্বপ্নার কাছে জানতে চান, তার কোনো বক্তব্য আছে কি না। জবাবে স্বপ্না আদালতকে বলেন, আমি কিছু করি নাই, আমি নির্দোষ।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, আসামিদের এ ধরনের বক্তব্য বিচার প্রক্রিয়াকে প্রভাবিত ও বিলম্বিত করার অপকৌশল।রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমুল্ল্যাহ জানান, নিজেদের নির্দোষ প্রমাণে নতুন করে কোনো সাফাই সাক্ষী হাজির করবেন না তারা।আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আজ বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।প্রসঙ্গত, ১৯ মে সকালে রাজধানীর পল্লবীর একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর সোহেল রানা বাসার গ্রিল কেটে পালিয়ে গেলেও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। একই দিনে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় ২৪ মে মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ।