কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছে নেতাকর্মীরা। একই সঙ্গে পরিবহন চালক ও শ্রমিকরা শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন। এতে ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ‘রেজাউল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জেলের তালা ভাঙব, রেজাউল ভাইকে আনব’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটকের পরপরই তাঁর সমর্থক ও পরিবহনশ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।