NEWSTV24
অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৫:০২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দুই সপ্তাহ আগের ঘটনারই পুনরাবৃত্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার পরপরই দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছিল। গত মঙ্গলবার তার মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তেও তিনি বোমা বর্ষণের হুঁশিয়ারি দিয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পর অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন।যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও হরমুজ প্রণালিসহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে। গতকাল বুধবার তিনটি পণ্যবাহী জাহাজে গুলির পর দুটি জব্দের কথা জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), যা সরু জলপথটি নিয়ে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে তেহরান পুনরায় আলোচনায় বসবে। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তাঁর দেশ রাজনৈতিক ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতীয় স্বার্থের প্রয়োজন হলেই কেবল কূটনৈতিক হাতিয়ারের আশ্রয় নেওয়া হবে।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে সংলাপ আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও দুই দেশের কেউই গতকাল সেখানে যাননি। মার্কিন প্রতিনিধি দল শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলেও তেহরানের পক্ষ থেকে অংশ নেওয়ার নিশ্চয়তা না পাওয়ায় যাত্রা বাতিল করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শাসকদের মধ্যে বিভেদ তৈরি হওয়ায় তারা আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি। বিষয়টি নিয়ে গতকাল রাত ৯টা পর্যন্ত ইরান সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখায়নি।তবে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি ট্রাম্পের এই দাবিকে নাকচ করে দিয়েছেন। আলজাজিরাকে তিনি বলেন, ট্রাম্প অসমর্থিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এমন দাবি করেছেন। বরং নিজের প্রয়োজনেই মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন।

ফুয়াদ ইজাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টদের আওতায় ৬০ দিনের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট থাকে। অর্থাৎ এ সময়ের অতিরিক্ত দিন কোথাও সেনা মোতায়েন রাখতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হয়। ইরান যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের এ ক্ষমতার মেয়াদ শেষ হবে আগামী সপ্তাহে। মেয়াদ বাড়ানো নিয়ে কংগ্রেসে নতুন করে ভোটাভুটি হলে অনুমোদন না পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এর আগেরবার ইরান যুদ্ধের বিষয়টি মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়েছিল। কেন অনির্দিষ্ট মেয়াদ ইরানের বিষয়ে পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া যায়, তা ঠিক করতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে কয়েক ঘণ্টা ধরে বৈঠক চলে। ডোনাল্ড ট্রাম্পসহ অংশ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও অন্য শীর্ষ কর্মকর্তারা। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকের পর ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তবে এই মেয়াদ কতদিন চলবে, তা উল্লেখ করেননি। শুধু লেখেন, আলোচনার বিষয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো।

আলোচনার সঙ্গে পরিচিত তিনটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, ট্রাম্পের উপদেষ্টাদের ধারণা, কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকলে ইরানের ওপর চাপ কমে যাবে। তখন তারা আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ পেতে পারে। একজন মার্কিন কর্মকর্তার মতে, খুব শিগগির যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের বসার একটি সম্ভাবনা আছে। তবে সেটা কবে, তা নিশ্চিত নয়।মার্কিন কর্মকর্তারা জানান, ইরানের আলোচনায় ফেরার সংকেত পাওয়া গেলে ফের পাকিস্তান সফরের ব্যবস্থা করা সম্ভব। হরমুজ প্রণালি বন্ধ থাকায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তারা আশা করছেন, দুই দেশ দ্রুতই একটি সমাধানে পৌঁছাতে আগ্রহ দেখাবে।তবে ইরানি কর্মকর্তাদের কণ্ঠে এখনও পরিবর্তনের কোনো সুর শোনা যায়নি। তাদের প্রতিনিধি দলের প্রধান ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদী মোহাম্মদী বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণার কোনো মূল্য নেই। পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। অবরোধ জারি রাখা আর বোমাবর্ষণের মধ্যে কোনো পার্থক্য নেই। এর জবাব অবশ্যই সামরিকভাবে দেওয়া হবে।