NEWSTV24
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজ পার হয়েছে ৫ দেশের জাহাজ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১৪:২৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের মধ্যেও ইরানের বন্দর ব্যবহার করা দুটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচল ট্র্যাকিংয়ের সংস্থা কেপলার মঙ্গলবার এ তথ্য দিয়েছে। আরও তিনটি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। তবে সেগুলো ইরানের বন্দর ব্যবহার করেনি।সংস্থাটির বরাত দিয়ে মঙ্গলবার এএফপি জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ক্রিশ্চিয়ানা ভুট্টা নিয়ে ইরানের বন্দর ইমাম খোমেনিতে গিয়েছিল। খালাসের পর সেটির হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সোমবার যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর দুই ঘণ্টা পর জাহাজটি ইরানের লারাক দ্বীপ অতিক্রম করে।এলপিস নামের দ্বিতীয় জাহাজটি পূর্ব আফ্রিকার দেশ কোমোরোসের পতাকাবাহী। অবরোধ শুরুর কয়েক ঘণ্টা আগে এটি লারাক দ্বীপের কাছে ছিল। পরে সফলভাবে প্রণালিটি অতিক্রম করে।

এদিকে বাজারের তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসইজির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা তিনটি ট্যাঙ্কার হরমুজ অতিক্রম করেছে। সবশেষ পানামার পতাকাবাহী পিস গালফ নামের একটি ট্যাঙ্কার সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের দিকে যাচ্ছে।এর আগে নিষেধাজ্ঞার তালিকায় থাকা আরও দুটি ট্যাঙ্কার এই সংকীর্ণ জলপথটি অতিক্রম করে। যেহেতু এগুলো সরাসরি ইরানের কোনো বন্দরের দিকে যাচ্ছে না, তাই মার্কিন নৌ-অবরোধের আওতায় পড়ছে না। যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী, ইরানের বন্দর ব্যবহার করা যেকোনো দেশের জাহাজ অবরোধ করা হবে।কেপলারের তথ্য অনুযায়ী, মুরলিকিষাণ নামের একটি ট্যাঙ্কার জ্বালানি তেল সংগ্রহের জন্য ইরাকের দিকে যাচ্ছে। এমকেএ নামেও পরিচিত এই জাহাজটি এর আগে রাশিয়া ও ইরানের তেল পরিবহনে ব্যবহার হতো। মার্কিন নৌ-অবরোধ শুরু হওয়ার পর রিচ স্টারি (চীনা কোম্পানির মালিকানাধীন) নামে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাঙ্কার প্রথম জাহাজ হিসেবে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে।