NEWSTV24
গরমের পর স্বস্তি: সারাদেশে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ ১৫:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গুমোট গরমে বিপর্যস্ত জনজীবনে স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের আট বিভাগেই আগামী কয়েক দিন দমকা হাওয়া, বজ্রবৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।গতকাল রোববার দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও ধীরে ধীরে প্রশমিত হতে পারে। কয়েক দিনের মধ্যে দেশের আবহাওয়ায় এই পরিবর্তন স্পষ্ট হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।পরবর্তী দিনগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ৭ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকলেও এরপর তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৯ এপ্রিলের পর বৃষ্টির প্রবণতা কমে গিয়ে তাপমাত্রা আবার বাড়তে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

এদিকে লঘুচাপের প্রভাবে দেশের অন্তত ১৮টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, বরিশাল চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে নৌযান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।সিলেট অঞ্চলের জন্য আলাদা সতর্কবার্তায় বলা হয়েছে, সেখানে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে, যা নদীপথে চলাচলকারী নৌযানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।তীব্র গরমের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া চুয়াডাঙ্গায় গতকাল রোববার বৃষ্টির কারণে বড় ধরনের স্বস্তি নেমে এসেছে। টানা তিন দিন তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির কাছাকাছি থাকার পর গতকাল দুপুরে তা নেমে আসে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। মাত্র এক দিনের ব্যবধানে প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।