আগামী ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও ভোগান্তিমুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর একটি প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ মার্চ। নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
তবে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, ছুটি আরও দুই দিন বাড়িয়ে ২৪ ও ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) যুক্ত করা হতে পারে। এ প্রস্তাব অনুমোদন পেলে ২৬ মার্চের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১০ দিনের টানা অবকাশ মিলতে পারে সরকারি চাকরিজীবীদের।এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপ কমাতে এবং পর্যায়ক্রমে যাতায়াতের সুযোগ তৈরি করতে ছুটি বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। ছুটি দীর্ঘ হলে একসঙ্গে অতিরিক্ত চাপ পড়বে না পরিবহন খাতে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।গত বছর দীর্ঘ ছুটির কারণে ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল। এ অভিজ্ঞতার আলোকে এবারও ছুটি বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।