সোমবার (২ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে এই পদ গ্রহণের প্রস্তাব দিয়েছে বিএনপি। এরপরই দলটির প্রবীণ ও নবীন নেতাদের নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়।
ডেপুটি স্পিকার পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় আছেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (পাবনা-১) এবং সাবেক শীর্ষ নেতা মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান (ঢাকা-১৪)। সংসদীয় রীতি অনুযায়ী আইনজ্ঞদের এই পদে অগ্রাধিকার দেওয়ার রেওয়াজ থাকায় তাদের সম্ভাবনা জোরালো বলে মনে করছে দলের একটি অংশ। তবে তাদের অপেক্ষাকৃত কম বয়স বিবেচনায় নিয়ে প্রবীণ নেতাদের নামও আলোচনায় রাখা হয়েছে। অভিজ্ঞ নেতাদের মধ্যে রয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (রাজশাহী-১), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪) এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন (ঢাকা-১২)।