NEWSTV24
প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করছে সরকার
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:০২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সামরিক-বেসামরিক প্রশাসনে পরিবর্তন আনতে শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। এরই মধ্যে বেসামরিক প্রশাসনের শীর্ষ দুই পদে পরিবর্তন আনা হয়েছে। গতকাল রোববার সেনাবাহিনীর আটটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ জ্যেষ্ঠ পদগুলোতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বেসামরিক প্রশাসনেও ধীরে ধীরে পরিবর্তন আনবে। তবে একবারে নয়, পর্যায়ক্রমে রদবদল করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনে। বর্তমানে শুধু সচিব ও সমপর্যায়ের পদে অন্তত ১৫ কর্মকর্তা চুক্তিতে নিয়োগ পেয়েছেন। তারা ছাড়াও দায়িত্বে থাকা সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বড় অংশই অন্তর্বর্তী সরকারের সময়ে বিএনপির পছন্দে নিয়োগপ্রাপ্ত। ফলে এই কর্মকর্তারা বহাল থাকবেন। তৎকালীন সরকারের পছন্দে এবং জামায়াতে ইসলামী ও এনসিপির বরাতে যাদের পদায়ন হয়েছিল, তাদের সরিয়ে দেওয়া হবে।

রদবদলে দুই সেনা কর্মকর্তা পররাষ্ট্রে

সরকার গঠনের পাঁচ দিনের মাথায় গতকাল সেনাবাহিনীর আটটি জ্যেষ্ঠ পদে পরিবর্তন আনা হয়েছে। সেনাসদর থেকে জারি করা আদেশ অনুযায়ী, চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পিএসও হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিজিএফআইর মহাপরিচালক পদে আসতে যাচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে সেনাসদরে ব্রিগেডিয়ার জেনারেলের দায়িত্বে থাকা এ কর্মকর্তা মেজর জেনারেল পদে পদোন্নতির পর যোগদান করবেন। ডিজিএফআইর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে।মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে থাকা মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।দিল্লির বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনে ১৮০ দিনের পরিকল্পনা

সচিবালয় সূত্রগুলো জানিয়েছে, ধাপে ধাপে পরিবর্তন আসবে জনপ্রশাসনে। সরকার গঠনের আগে মন্ত্রিপরিষদ সচিব এবং শপথের পর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে বদল এসেছে। সরকারের ১৮০ দিনের পরিকল্পনা অনুযায়ী, অগ্রাধিকারের কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী সমকালকে বলেন, সরকারের ১৮০ দিনের পরিকল্পনা আগামী দুদিনে চূড়ান্ত হবে। পদোন্নতি, পদায়ন ও বদলি হবে মেধা, দক্ষতা, যোগ্যতায়।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিবর্তন অস্বাভাবিক না হলেও আশা করেন, বিএনপি আওয়ামী লীগ সরকারের মতো দলীয়করণ করবে না, অযোগ্যদের নিয়োগ দেবে না। ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী, মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে যোগ্যতাকে একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। কেউ যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয়।নতুন সরকার গঠনের আগের তিন দিনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সরে যান। চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েছেন এ বি এম আবদুস ছাত্তার। তিনি বিএনপির চেয়াপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ছিলেন।