NEWSTV24
সমঝোতার নামে চাঁদাকে বৈধতা দেওয়া হচ্ছে: জামায়াত
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:১৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি এহছানুল মাহবুব যোবায়ের শনিবার এক বিবৃতিতে বলেন, সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছেন মন্ত্রী।গত বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী রবিউল আলম বলেন, সড়কে মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন সমঝোতার মাধ্যমে যে টাকা নেয়, তা চাঁদাবাজি নয়। জোর করে যে টাকা নেওয়া হয়, তা চাঁদা।এ বক্তব্যে উদ্বেগ করে এহছানুল মাহবুব যোবায়ের বলেন, মন্ত্রী সমঝোতার নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিয়েছেন। চাঁদাবাজি ফৌজদারি অপরাধ। সমাজ, অর্থনীতি ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে যদি এমন কোনো বার্তা যায়, যে অবৈধ অর্থ আদায় বা অনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য, তবে তা রাষ্ট্রের জন্য কলঙ্ক। চাঁদাবাজির মতো আরও অনেক অপরাধ করতে উৎসাহিত করবে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়বে।

বিবৃতিতে বলা হয়, সরকারের দায়িত্ব চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। কোনো অবস্থাতেই অপরাধকে সমঝোতার নামে আড়ালের সুযোগ নেই।এহছানুল মাহবুব বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জামায়াতের অবস্থান আপসহীন। হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই দুর্নীতির ছিটেফোঁটাও দেশবাসী বরদাশত করবে না। মন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে সরকারকে। চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অন্যথা দেশবাসীকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে এবং চাঁদাবাজি বন্ধে সরকারকে বাধ্য করা হবে।