ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভোট প্রদান শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দেশবাসীকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন জামায়াত আমির। এ সময় দলীয় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।পরে সাংবাদিকদের ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানাচ্ছি।এদিন কেন্দ্র প্রাঙ্গণে সাধারণ ভোটারদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহারসহ অন্যান্য বিধিনিষেধ কঠোরভাবে পালন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।উল্লেখ্য, সারাদেশে একযোগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।