NEWSTV24
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৯তম জন্মদিন আজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন আজ। সরকারপ্রধান হওয়ার পর এটি তাঁর প্রথম জন্মদিন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে গত বছরের মতো এবারও কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া রয়েছে।দিবসটি পালনে বিভিন্ন পর্যায়ে সামাজিক ও ধর্মীয়ভাবে উদ্যোগ নিয়েছেন দলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষ রোপণ ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিশেষ বই উৎসব -এর আয়োজন করা হয়েছে। এতে ২০ টাকা প্রতীকী মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসাছাত্রদের স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারেক রহমান ১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তাঁর ডাকনাম পিনো। তিনি ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তাঁর মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারাদেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান তিনি। এর পরই দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। মূল সংগঠনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল সভার আয়োজন করেন। এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

তবে ওয়ান-ইলেভেন সরকারের সময়ে তাঁকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। এক পর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখানে থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হতে থাকেন। দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝেও আস্থার প্রতীক হয়ে ওঠেন তারেক রহমান। তবে সে ক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হয়। আওয়ামী লীগ সরকার উচ্চ আদালতের মাধ্যমে এক আদেশে তাঁর বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল।২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল এবং ২০১৬ সালে ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকে দায়িত্ব পালন করেন তিনি। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত এপ্রিলে তিনি টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন।

0.