NEWSTV24
মোজতবা খামেনি সেই চিঠির জবাব দিলেন মোজতবা খামেনি, পাঠালেন উপহার
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ১৭:১৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখেছিল তেহরানের ১০ বছর বয়সী এক শিক্ষার্থী। শিশুটির সেই চিঠির জবাব দিয়েছেন মোজতবা খামেনি। একই সঙ্গে তার জন্য একটি উপহারও পাঠিয়েছেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর তেহরানের বাসিন্দা আলিরেজা বাখশি ইরাজ নামের ওই শিক্ষার্থী সর্বোচ্চ নেতার উদ্দেশে চিঠিটি লেখে।

চিঠিতে আলিরেজা সর্বোচ্চ নেতার দিকনির্দেশনার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কিছু অর্থ উপহার দিয়ে সেই অর্থ ইসলামি যোদ্ধাদের সহায়তায় ব্যবহারের অনুরোধও জানায় সে।

চিঠিতে শিশুটি লেখে, ‘সত্যি বলতে, আমার চিঠি আপনার কাছে পৌঁছাবে কি না, জানি না। আমার ইচ্ছা, আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারতাম। আপনার দিকনির্দেশনার জন্য আমরা আপনার কাছে অনেক ঋণী।’ চিঠির শেষে সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করার আশা প্রকাশের পাশাপাশি বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা জানায় আলিরেজা।

চিঠিটি পাওয়ার পর গত ১১ অক্টোবর শিশুটিকে জবাব দেন মোজতবা খামেনি। চিঠিতে আলিরেজাকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে তার আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান তিনি। জবাবে মোজতবা খামেনি লেখেন, ‘তোমার আন্তরিকতার জন্য ধন্যবাদ। তবে এই বিনীত সেবকের জন্ম হয়েছে এসফান্দ মাসে (ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুর সময়)। তোমার উদারতার তুলনায় উপহারটি খুবই সামান্য হলেও তোমাকে পালটা একটি উপহার দিচ্ছি। তোমার পরিবারের সবাইকে আমার সালাম জানাবে।’

চিঠির শেষে শিশুটির হাতের লেখার প্রশংসা করে তিনি লেখেন, ‘তোমার হাতের লেখা খুব সুন্দর।’ সর্বোচ্চ নেতার পক্ষ থেকে আলিরেজার জন্য উপহার পাঠানোর কথা জানানো হলেও সেটি কী, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। তথ্যসূত্র: ইরনা