সউদী আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সউদী রিয়াল জরিমানা করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। গাড়ির পেছনের অংশে পানি লুকিয়ে সীমান্ত পার করার চেষ্টা করেছিলেন তিনি।
গালফ নিউজের বরাতে খালিজ টাইমস জানিয়েছে, সউদী আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহাদ কজওয়ে কাস্টমস তল্লাশিচৌকিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের বুটে লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি উদ্ধার করেন কর্মকর্তারা।
সউদী আরবের আইন অনুযায়ী, জমজমের পানি রপ্তানি নিষিদ্ধ। যথাযথ ঘোষণা ছাড়া দেশটির বাইরে এই পানি নেওয়ার চেষ্টা শুল্ক আইনে পাচার হিসেবে গণ্য হয়। রিয়াদের দ্বিতীয় প্রাথমিক কাস্টমস কমিটির এক রায়ে এ তথ্য জানানো হয়েছে।
রায়ে ওই ব্যক্তিকে জব্দ করা পানির সমপরিমাণ মূল্যের ৩ হাজার ৮০০ সউদী রিয়াল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা সব পানি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কৌঁসুলিপক্ষ জরিমানার পাশাপাশি ওই ব্যক্তির কারাদণ্ড এবং জব্দ করা পানি বাজেয়াপ্ত করার আবেদন করেছিল। তবে কমিটি কারাদণ্ডের আবেদন নাকচ করে। তাদের যুক্তি, ওই ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই। এ ছাড়া আর্থিক জরিমানাই শাস্তি হিসেবে যথেষ্ট।
গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সমন্বিত শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ ধারায় এ রায় দেওয়া হয়েছে। এসব ধারায় শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারের সংজ্ঞা ও এ ধরনের অপরাধের শাস্তির বিধান রয়েছে। তথ্যসূত্র: খালিজ টাইমস