NEWSTV24
হরমুজে ইরানের লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ১৬:৫৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

হরমুজ প্রণালিতে ইরানের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

সোমবার (২ নভেম্বর) ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর এ হামলার ঘটনা ঘটে। দ্বীপটি হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। খবর আল-জাজিরার।

মার্কিন ওই কর্মকর্তা জানান, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল। এর জবাবে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। তবে কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ কিংবা এর সঙ্গে মার্কিন হামলার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট করেনি তারা।বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এ অভিযানকে বড় ধরনের যুদ্ধ শুরুর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে না। বরং এটি সীমিত পরিসরের সামরিক পদক্ষেপ।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের উল্লেখযোগ্য অংশ এ পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে প্রভাব পড়তে পারে। তথ্যসূত্র: আল-জাজিরা