NEWSTV24
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পে স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১৮:৩৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগিরই তাদের এ বেতনকাঠামোর অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে নতুন বেতনকাঠামো কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাননি তিনি। 

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, সুযোগ-সুবিধা বাড়ানো এবং দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। মন্ত্রীর ঘোষণায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হলেও বর্ধিত বেতন কবে থেকে পাওয়া যাবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

নতুন বেতনকাঠামো কার্যকর হলে তাদের মূল বেতন ও বাড়িভাড়া বাড়বে। শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন, স্তর ও বিষয় অনুযায়ী শিক্ষকদের বেতন গ্রেডে পার্থক্য রয়েছে। নতুন কাঠামোতে প্রত্যেকে নিজ নিজ চাকরির গ্রেড অনুযায়ী বেতন পাবেন।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর করেছে অর্থ মন্ত্রণালয়। এ-সংক্রান্ত পরিপত্র জারির পর সরকারি কর্মচারীরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়াও পেয়েছেন। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে নতুন বেতনকাঠামো কার্যকরের প্রক্রিয়া এখনো বাকি রয়েছে।