NEWSTV24
কলম্বিয়ায় ৭.৬ টন কোকেন জব্দ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৮:৪১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার কার্তাগেনা বন্দরে বিশাল এক মাদকবিরোধী অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মার্কিন মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ডিইএ) সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযানে নেদারল্যান্ডসগামী ৭ দশমিক ৬ টন (৭,৬০০ কেজি) কোকেন জব্দ করা হয়েছে। গত এক দশকের মধ্যে দেশটির প্রধান এই বন্দরে এটিই সবচেয়ে বড় মাদক আটকের ঘটনা বলে নিশ্চিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। তিনি জানান, কলম্বিয়ার ন্যাশনাল পুলিশ কার্তাগেনা বন্দরে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় কোকেন চালানটি জব্দ করেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা এই বিপুল পরিমাণ কোকেন অত্যন্ত সুকৌশলে প্রক্রিয়াজাত আখ থেকে তৈরি এক ধরণের গুঁড়ো মিষ্টি বা 'পানেলা'-র ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। আন্তর্জাতিক মাদক চক্রের চোখ ফাঁকি দিতে এই অভিনব পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।

বর্তমান সরকারের প্রথম ৭৫ দিনের কার্যকালে মোট ১৩২ টন কোকেন জব্দ করা হয়েছে যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬.১ বিলিয়ন মার্কিন ডলার। মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রেসিডেন্ট এসপ্রিয়েলা বলেন, "নার্কো-সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো শান্তিচুক্তি বা ছাড় দেওয়া হবে না! আমরা প্রতিটি ডোজকে রাস্তায় পৌঁছাতে বাধা দিয়ে জীবন বাঁচাচ্ছি এবং মাদক চক্রগুলোর অপরাধমূলক সাম্রাজ্যকে দুর্বল করে দিচ্ছি।"

এদিকে, এই পৃথক ঘটনায় নেদারল্যান্ডসের প্রসিকিউশন সার্ভিসের অনুরোধে কলম্বিয়ায় রনি ও উলরিখ নামের দুই ডাচ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে নেদারল্যান্ডসের দৈনিক ‘এডি’ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে মাদক জব্দের এই বিশাল চালানের সাথে তাদের সরাসরি কোনো সংযোগ রয়েছে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইউরোপীয় ইউনিয়নের মাদক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইইউভুক্ত দেশগুলোতে ৩৩০ টন কোকেন জব্দ করা হয়েছিল, যা এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ছিল ৪১৯ টন। সূত্র: ইউরোনিউজ