ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আরও বেশি পরিমাণে পরিশোধন এবং দেশটিতে তেল উৎপাদনের সম্ভাবনা নিয়ে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আলোচনা করতে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন প্রতিষ্ঠানটির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
গত ২১ অক্টোবর ভারতের গুজরাটের জামনগরে রিলায়েন্সের তেল পরিশোধন কমপ্লেক্স পরিদর্শন করেন রুবিও। এর আগে তিনি সাংবাদিকদের জানান, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আরও বেশি পরিমাণে পরিশোধনের বিষয়ে রিলায়েন্সের সঙ্গে আলোচনা করবেন। প্রতিষ্ঠানটি অতীতেও ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেল পরিশোধন করেছে। রয়টার্সের প্রতিবেদনেও এ আলোচনার বিষয়টি উঠে এসেছে।
জামনগরে রিলায়েন্সের দুটি শোধনাগারের সম্মিলিত দৈনিক পরিশোধন সক্ষমতা প্রায় ১৪ লাখ ব্যারেল। বিশ্বের বৃহত্তম একক-স্থানের তেল পরিশোধন কমপ্লেক্স হিসেবে পরিচিত এই স্থাপনায় ভেনেজুয়েলার অতিভারী অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা সম্ভব। দেশটির তেল উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে ভেনেজুয়েলার তেলের গুরুত্বপূর্ণ ক্রেতা হয়ে উঠেছে রিলায়েন্স।
রুবিও ভারতকে ‘পরিশোধন পরাশক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, ভেনেজুয়েলার তেল পরিশোধনে ভারতের সক্ষমতা কাজে লাগানো গেলে দেশটির জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বাড়াতে সহায়তা করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলার তেল কেনার দিকে উৎসাহিত করে আসছেন। তবে রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসে যাওয়ার ক্ষেত্রে ভারতের নিজস্ব জ্বালানি চাহিদা ও বাণিজ্যিক স্বার্থও গুরুত্বপূর্ণ।
রিলায়েন্সের সঙ্গে আলোচনার আরেকটি বিষয় যুক্তরাষ্ট্রে নতুন তেল শোধনাগার নির্মাণে সম্ভাব্য বিনিয়োগ। চলতি বছরের মার্চে ট্রাম্প দাবি করেছিলেন, রিলায়েন্সের বিনিয়োগে যুক্তরাষ্ট্রে নতুন একটি তেল শোধনাগার নির্মিত হতে যাচ্ছে। তিনি প্রকল্পটির মূল্য ৩০০ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেছিলেন। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিনিয়োগের ওই অঙ্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ও জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে রয়েছে ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার তেল উৎপাদন বৃদ্ধি এবং রিলায়েন্সের পরিশোধন সক্ষমতা কাজে লাগিয়ে জ্বালানি সরবরাহ বাড়ানোর সম্ভাবনা তাই ওয়াশিংটনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। তথ্যসূত্র: সিএনবিসি, রয়টার্স