NEWSTV24
এবার লন্ডনে বিক্ষোভের ডাক ধ্রুব রাঠির এবার লন্ডনে বিক্ষোভের ডাক ধ্রুব রাঠির
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৫:২৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ভারতে দানা বাঁধা ককরোচ পার্টির আন্দোলনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি। শনিবার (১৭ অক্টোবর) লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে ভোট চুরির বিরুদ্ধে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গতকাল শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন ধ্রুব। সেখানে লেখেন, ‘আমি সবেমাত্র লন্ডনে পৌঁছেছি। এটাই সময় গোটা বিশ্বের ভোট চোর এবং গণতন্ত্রের হত্যাকারীদের আসল রূপ দেখার। আন্তর্জাতিক মঞ্চে ডঙ্কা বাজানোর সময় চলে এসেছে।’ ওই এক্স হ্যান্ডেল বার্তায় প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান ধ্রুর রাঠি।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সমর্থন ছিল ধ্রুবর। কিন্তু ১০ অক্টোবর বিক্ষোভের আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় তাকে। ছাড়া পেতেই সোশ্যাল মিডিয়ায় তুলকালাম বাঁধান তিনি। সেইসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে দাবি করেন, ‘আমাকে কিডন্যাপ করা হয়েছিল। আটক বা গ্রেফতার আমি বলব না।

আটক করতে হলে পুলিশ উর্দি পরে আসত। গ্রেফতার করতে হলে উপযুক্ত এফআইআর কপি নিয়ে আসত। কিন্তু আমাকে সাধারণ পোশাকের ২০-২২ জন গুন্ডা এসে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়। ২০-২২ ঘণ্টা কাছে ফোন রাখতে দেওয়া হয়নি। সাধারণ পোশাকে যেভাবে আমাকে টেনে নিয়ে যাওয়া হলো সেটা কিডন্যাপ করা।’

এদিকে ধ্রুবর নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই বিভ্রান্তিও তিনি দূর করেন। এবার মোদি বিরোধী আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাচ্ছেন এই ইউটিউবার। যা মোদি সরকারের মাথাব্যাথার কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।