ভারতে শিক্ষার্থী ও তরুণদের আটক এবং শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে বিধিনিষেধ আরোপের সমালোচনা করেছেন অভিনেতা প্রকাশ রাজ। একই সঙ্গে দেশজুড়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেতা।
শুক্রবার (১৬ অক্টোবর) কেরালার তিরুবনন্তপুরমে জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় অংশ নেন প্রকাশ রাজ। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, বাধা দেওয়া হলেও শান্তিপূর্ণ আন্দোলন থামবে না। তাঁর মতে, তরুণেরা নিজেদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রতিবাদ করছেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ঘরে ঘরে তিরঙ্গা’ স্লোগানের প্রসঙ্গ তুলেও প্রশ্ন করেছেন প্রকাশ রাজ। তাঁর বক্তব্য, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলা হলেও শান্তিপূর্ণ মিছিলে অংশ নিতে চাওয়া শিক্ষার্থী ও তরুণদের আটক করা হচ্ছে কেন? এই পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।
প্রকাশ রাজ আরও বলেন, মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর ও ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিবাদকারীরা আন্দোলন চালিয়ে যাবেন। তাঁর দাবি, আন্দোলন দমনের চেষ্টা করে মানুষের প্রশ্ন তোলার অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
প্রতিবাদ সভা শুরুর আগে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশ আয়োজকদের বাধা দেয়। এ নিয়ে সামান্য উত্তেজনা তৈরি হলেও পরে সভা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। প্রকাশ রাজের বক্তব্য, বাধা ও আটকের ঘটনা সত্ত্বেও দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।