NEWSTV24
ফ্যামিলি কার্ড, বড় প্রকল্পে বহু সংকট ফ্যামিলি কার্ড, বড় প্রকল্পে বহু সংকট
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

দল ক্ষমতায় আসা কিংবা নিজে প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই ফ্যামিলি কার্ডের বিষয়টি নিয়ে পরিকল্পনা করেন তারেক রহমান। যথারীতি প্রধানমন্ত্রী হওয়ার পরপরই ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠে নামেন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে দেশজুড়ে ফ্যামিলি কার্ড নিয়ে চোখে পড়ার মতো কাজ শুরু করে। 

বিশেষ করে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সশরীরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। কিন্তু মাঠ পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়নে অনেক অসংগতি-অসহযোগিতা এবং ক্ষেত্রবিশেষে হযবরল অবস্থা স্পষ্ট হয়ে উঠেছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সরবরাহকারী ও সুপারভাইজার নিয়োগ ও তাদের প্রশিক্ষণ নেওয়াকে কেন্দ্র করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েকটি এলাকায় গড়িয়েছে সংঘাত। 

এ ঘটনায় বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমনকি সরকারি দল বিএনপির নেতাকর্মীরাও নিজেদের ক্ষোভ ঝারেন। মাঠ প্রশাসনের কর্মকর্তারাও পড়েন চাপের মুখে। এই সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগী নির্বাচন, খণ্ডিত কাঠামো, অর্থায়ন, সমন্বয় ও সেবা প্রদানের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ দেখছেন সমাজ বিশ্লেষকরা। নতুন সরকারের নতুন এই প্রকল্প বাস্তবায়নে আরও সতর্ক ও হোম ওয়ার্কের পরামর্শ তাদের। 

কই সঙ্গে সেবা প্রদানের ধাপগুলোতে দায়িত্ব পুনর্বিন্যাস করা এবং উপকারভোগী নিবন্ধন, যাচাই, অর্থ প্রদান, সচেতনতা ও অভিযোগ নিষ্পত্তিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার— এসব উদ্যোগের মাধ্যমে বিদ্যমান সমস্যার অনেকটাই মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন তারা।

সরকারের অন্যতম প্রধান উদ্যোগ ফ্যামিলি কার্ড গত মার্চে পরীক্ষামূলকভাবে চালু হয়। এ কর্মসূচিতে নির্বাচিত পরিবারের একজন নারী সদস্য মাসে দুই হাজার ৫০০ টাকা বা বছরে ৩০ হাজার টাকা ডিজিটালভাবে পাবেন। প্রথম ধাপে লক্ষ্য ৪১ লাখ পরিবার। যোগ্যতা নির্ধারণ হবে হালনাগাদ প্রক্সি-মিনস টেস্টিংয়ের (পিএমটি) মাধ্যমে। পরে স্থানীয় যাচাই ও ডিএসআরের সঙ্গে মিলিয়ে দেখা হবে। পরিবারের অবস্থার উন্নতি হলে কর্মসূচি থেকে বের করে নতুন যোগ্য পরিবারকে যুক্ত করার ‘গ্র্যাজুয়েশন’ ব্যবস্থাও থাকবে।

অর্থাৎ বিএনপি সরকার গঠনের তিন সপ্তাহ পর গত ১০ মার্চ বনানীর কড়াইলে দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হলো। নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করতে পারায় তিনি ব্যক্তিগতভাবে আবেগতাড়িত, তেমনই তার সরকার ও দল বিএনপির জন্য একটি ঐতিহাসিক, একটি আবেগের দিন। 

এই কর্মসূচির বিষয়টি নিয়ে বিএনপি বহু বছর ধরে পরিকল্পনা করেছে। নির্বাচনের আগে জনগণের কাছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে তার দল প্রতিশ্রুতি দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের এক মাসের কম সময়ের মধ্যে তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন।