NEWSTV24
শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে ১০ দিনের ছুটি শুরু
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলোতে দীর্ঘ ছুটির আমেজ শুরু হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর ও ধরন অনুযায়ী সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য পূজার ছুটি মিলিয়ে টানা ৫ থেকে ১৬ দিন পর্যন্ত ছুটির সুযোগ তৈরি হয়েছে।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। তবে এর আগে ও পরের সাপ্তাহিক ছুটি (১৬-১৭ এবং ২৩-২৪ অক্টোবর) এবং ২৫ অক্টোবর রোববারের লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটাতে পারবেন মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষার্থীরা।অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী কলেজগুলোতে ছুটি অপেক্ষাকৃত দীর্ঘ। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কলেজে ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে আগে ও পরের সাপ্তাহিক ছুটিগুলো (১৬-১৭ এবং ৩০-৩১ অক্টোবর) যোগ করলে মোট ১৬ দিনের দীর্ঘ বিরতি পাওয়ার সুযোগ তৈরি হবে।

এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, সব সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারিত রয়েছে।তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির ক্ষেত্রে কোনো অভিন্ন সময়সূচি নেই। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী পূজার ছুটি নির্ধারণ করবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্যও দীর্ঘ ছুটির সুযোগ থাকছে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন।