জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন নিউইয়র্কে চললেও সেখানে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৈঠক করেছেন তিনি। শির পরিবর্তে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে চীনের প্রতিনিধিত্ব করছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
শির এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রশ্ন উঠেছে। কারণ, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান জাতিসংঘের বার্ষিক সাধারণ বিতর্কে অংশ নিতে যখন নিউইয়র্কে সমবেত হয়েছেন, তখন শি প্রশান্ত মহাসাগর পেরিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অবস্থান করেও জাতিসংঘ সদর দপ্তরে যাননি।
দ্য ডিপ্লোম্যাট-এর বিশ্লেষণ অনুযায়ী, ওয়াশিংটন থেকে নিউইয়র্কে যেতে তার অতিরিক্ত সময় খুব বেশি লাগত না। তবু সফরসূচিতে জাতিসংঘকে রাখা হয়নি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হান ঝেং ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে অংশ নেওয়ার পাশাপাশি চীনের আয়োজনে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের পঞ্চম বার্ষিকী উপলক্ষে উচ্চপর্যায়ের সংলাপে অংশ নেবেন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব, ৮১তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।