NEWSTV24
রাজধানীতে বাসায় ঢুকে যুবককে গুলি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানীর বাড্ডা এলাকায় চাঁদা না পেয়ে বাসায় ঢুকে রানা (৩৫) নামের এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে দিবাগত রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, আহত রানা পেশায় একজন গাড়িচালক। তাঁর ডান পায়ের হাঁটুর ওপর গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। রানার বাবার নাম মৃত আবদুর রব, তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে।হাসপাতালে চিকিৎসাধীন রানা জানান, শনিবার রাতে উত্তর বাড্ডায় এক পরিচিতের বাসায় দাওয়াত খেয়ে ফিরে তিনি ঘুমাচ্ছিলেন। সে সময় বাসায় জয় নামের তাঁর আরেক পরিচিত যুবকও ছিলেন। রাত ১০টার দিকে দরজায় নক করার শব্দ শুনে ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু বাইরে থেকে কোনো সাড়া না মেলায় জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে মেইন গেটের দিকে যান। ঠিক সে সময় তামিম নামের এক যুবকসহ আরও দুজন ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং বিছানায় শুয়ে থাকা রানার ডান পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যান।জানা যায়, অভিযুক্ত তামিম একই এলাকার বাসিন্দা, তাঁর বাবার নাম সিরাজুল মিয়া। আহত রানার স্বজনদের অভিযোগ, রানার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম বেশ কিছুদিন ধরে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। ওই চাঁদার দাবিতেই এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা তাঁদের।