NEWSTV24
বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার, অস্ত্র-মাদক উদ্ধার
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১৯:০০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত চার মাসে তাদের গ্রেপ্তার করে পুলিশ। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এ সময়ে পুলিশের অভিযানে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেপ্তার হয়েছেন। 

বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে পুলিশের অভিযানে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ এবং অস্ত্র ও বোমা তৈরির ২১টি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও উদ্ধার করা হয়।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, সাতটি শটগান, সাতটি রাইফেল, তিনটি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।

অভিযানে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে- ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ এবং ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা। এ ছাড়া মাদক ও মাদকজাতীয় অন্যান্য দ্রব্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, মাদক উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।