বিশ্ববাজারে টানা কয়েক দিন ধরে কমছে অপরিশোধিত তেলের দাম। ইরান ও কাতারের সম্ভাব্য আলোচনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ায় বৃহস্পতিবারও তেলের দরপতন অব্যাহত থাকে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮১ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি ইরান সফর করে আলোচনার উদ্যোগ নিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েও আলোচনা চলছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। দীর্ঘদিন ধরে এ পথে চলাচল ব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। প্রণালিটি ধীরে ধীরে স্বাভাবিক হলে বাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে, যা দামের ওপর আরও নিম্নমুখী চাপ তৈরি করতে পারে।
সূত্র : রয়টার্স