NEWSTV24
বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ১৭:২৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পাকিস্তানের বেলুচিস্তানের জিয়ারাত, হারনাই ও সুরাব জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো পৃথক অভিযানে অন্তত ৯ সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ‘অপারেশন রাদ-উল-ফিতনা-৩’-এর আওতায় এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।

জিয়ারাত ও হারনাইয়ের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। পরে আস্তানাটি ঘিরে ফেলে অভিযান চালানো হলে সেখানে থাকা আট সন্ত্রাসী নিহত হয়। অভিযানে আস্তানাটি ধ্বংস করা হয়েছে বলেও নিরাপত্তা সূত্রের দাবি। 

অন্যদিকে, সুরাব জেলার হাজিকা গ্রামে পৃথক অভিযানে আরও একজন সন্ত্রাসী নিহত হয়েছে। দাশত কাতাই ও হাজিকা এলাকায় সন্ত্রাসীদের চলাচল শনাক্ত করার পর ওই অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।

অভিযান শেষে নিহতদের কাছ থেকে গোলাবারুদ, ম্যাগাজিন, হ্যান্ড গ্রেনেড, ওয়াকিটকি, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে নিরাপত্তা সূত্র। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা কর্তৃপক্ষ। 

এর আগে সোমবার বেলুচিস্তানের কিল্লি জাইক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে দুই সন্ত্রাসী নিহত এবং আরও তিনজন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। এর আগের দিন খারান জেলায় পৃথক অভিযানে সাত সন্ত্রাসী নিহত হওয়ার খবরও আসে।

বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ রয়েছে। পাকিস্তানের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশটিতে সহিংসতাজনিত ৭৭৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩৬ জন আহত হয়েছেন। এ সময়ে ২৬৭টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই সময় পাকিস্তানের সহিংসতার প্রধান কেন্দ্র ছিল খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান। দুই প্রদেশ মিলিয়ে দেশের মোট সহিংসতাজনিত মৃত্যুর প্রায় ৯৬ শতাংশ ঘটেছে। খাইবার পাখতুনখাওয়ায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ২৬৫ জন নিহত হন। একই সময়ে খাইবার পাখতুনখাওয়ায় ১৫১টি এবং বেলুচিস্তানে ৯৪টি সহিংসতার ঘটনা ঘটে।