NEWSTV24
সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫
শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১৮:৩৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সিরিয়ার মধ্যাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বহু যাত্রী।

শনিবার (২৫ জুলাই) দেশটির পালমিরা এবং আল-সুখনাহ শহরের মধ্যবর্তী ‘দামেস্ক-দের এজ-জোর’ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনাকবলিত ‘দামেস্ক-দের এজ-জোর’ মহাসড়কটি সিরিয়ার পূর্ব অঞ্চলকে রাজধানী দামেস্কের সাথে সংযুক্ত করেছে। ৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই মহাসড়কটি দেশটির অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA) জানিয়েছে, দুর্ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে হোম সামরিক হাসপাতালে পৌঁছে দিতে একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।