যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য বড় ধরনের একটি ধাক্কা আসতে পারে। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গ্রিন কার্ড’ বা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে যাচ্ছেন, তাদের জন্য ১ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার বেশি) একটি বন্ড বা জামানত চালুর বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম 'দ্য হিল'-এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, মূলত যে সমস্ত আবেদনকারী ভবিষ্যতে মার্কিন সরকারের ওপর আর্থিক বোঝা হয়ে দাঁড়াতে পারেন অথবা সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন বলে মনে করা হবে, তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হতে পারে। এই বন্ড চালুর মূল উদ্দেশ্য হলো—অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রে এসে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং দেশটির সামাজিক কল্যাণমূলক ও জনসহায়তা কর্মসূচির ওপর বাড়তি চাপ সৃষ্টি না করেন।
এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, অভিবাসন ব্যবস্থা কার্যকর করতে এবং দেশের আইন কঠোরভাবে বাস্তবায়নে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সাথে যৌথভাবে কাজ করছে মার্কিন সরকার।
টমি পিগট আরও বলেন, "অভিবাসন ব্যবস্থার সততা ফিরিয়ে আনতে এবং যারা গুরুতর চিকিৎসাজনিত বা অন্যান্য ব্যয়বহুল প্রয়োজন নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন, তাদের আর্থিক বোঝা থেকে আমেরিকান জনকল্যাণমূলক কর্মসূচিগুলোকে রক্ষা করতে আমরা কাজ করছি।" তিনি জানান, অভিবাসন ও জাতীয়তা আইনের (INA) আওতাধীন দীর্ঘদিনের একটি আইনি ক্ষমতা যাচাই করে দেখা হচ্ছে, যার মাধ্যমে এই বন্ড চালুর বিষয়টি অনুসন্ধান করছে প্রশাসন।
আবেদনকারীদের জন্য এটি কীভাবে কাজ করবে?
প্রস্তাবনা অনুযায়ী, এই বন্ডের অর্থ আবেদনকারী নিজে অথবা যুক্তরাষ্ট্রে থাকা তার পরিবারের সদস্যরা জমা দিতে পারবেন। পরবর্তীতে অভিবাসী যদি সফলভাবে মার্কিন আইন মেনে চলেন এবং সরকারি ভাতার ওপর নির্ভরশীল না হন, তবে নির্দিষ্ট সময় পর এই বন্ডের টাকা ফেরত দেওয়া হবে। স্টেট ডিপার্টমেন্টের মতে, যেসব আবেদনকারীর আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের জন্য এই বন্ড হবে নিজেদের স্বাবলম্বিতা প্রমাণ করার এবং যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার একটি নতুন সুযোগ। এর আগে ট্রাম্প প্রশাসন এইচ-১বি (H-1B) ভিসা আবেদনের ওপর ১ লাখ ডলারের ফি আরোপের চেষ্টা করেছিল, যা পরবর্তীতে ফেডারেল আদালত কর্তৃক বাতিল হয়ে যায়। তবে বর্তমান গ্রিন কার্ডের ফি যেখানে মাত্র ১,৪৪০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ২,০০০ ডলারের কাছাকাছি, সেখানে ৬ অঙ্কের (১ লাখ ডলার) এই বন্ড চালুর প্রস্তাবকে অভিবাসন প্রক্রিয়ায় একটি নজিরবিহীন ও নাটকীয় পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সরকার এবং ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসী বহিষ্কার এবং 'বার্থ ট্যুরিজম' (নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়া) বন্ধসহ সামগ্রিক অভিবাসন ব্যবস্থা আরও কঠোর করার যে পরিকল্পনা হাতে নিয়েছে, এই বন্ড প্রথা তারই একটি অংশ।