NEWSTV24
চার হাজার কোটি টাকা ব্যয়ের ২০ ক্রয় প্রস্তাব অনুমোদন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ০৯:০৬ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, নিম্ন আয়ের মানুষের জন্য নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা, তরুণদের কর্মসংস্থান বাড়ানো এবং রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একগুচ্ছ বড় ক্রয় ও উন্নয়ন প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট চার হাজার ১৮ কোটি ৮ লাখ টাকা ব্যয়ের ২০টি প্রস্তাব অনুমোদন করা হয়। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকেও কিছু নীতিগত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। এ জন্য ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি টাকা। আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই ও গানভর সিঙ্গাপুর পিটিই এলএনজি সরবরাহ করবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য প্রায় ৮১২ কোটি ৩১ লাখ টাকার মসুর ডাল ও ভোজ্যতেল কেনার চারটি পৃথক প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস থেকে প্রতি কেজি ৮১ দশমিক ৪৭ টাকা দরে ১০ হাজার টন মসুর ডাল এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান এমসিজি ইন্টারন্যাশনাল থেকে পরিবহন ব্যয়সহ প্রতি কেজি ৭৪ দশমিক ৮৬ টাকা দরে ১২ হাজার ৫০০ টন ডাল কেনা হবে।এ ছাড়া ঢাকার শবনম ভেজিটেবল অয়েল থেকে প্রতি লিটার ১৮৩ দশমিক ৯৫ টাকা দরে দুই কোটি লিটার পাম অলিন সংগ্রহ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে, যার প্রতি লিটারের দাম পড়বে ১৬৪ দশমিক ৭৭ টাকা।শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (এনইইটি) আট লাখ ৫০ হাজার ৫০০ তরুণ-তরুণীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সক্ষমতা বাড়াতে ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর এনইইটি প্রকল্প সম্পর্কিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ২০২৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। ৯৫৬ কোটি টাকা ব্যয়ে পরিচালিত এ প্রকল্পের আওতায় দেশের আট বিভাগে প্রশিক্ষণ ও কেন্দ্র পরিচালনার দায়িত্ব পেয়েছে ব্র্যাক জেভি, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ, ঢাকা আহছানিয়া মিশনসহ ১০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ এক লাখ ২০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্র্যাক জেভিকে ১৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণের সম্ভাবনা যাচাইয়ে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। প্রায় ৩৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে পরিচালিত এ কার্যক্রম বাস্তবায়ন করবে বাংলাদেশি প্রতিষ্ঠান সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালট্যান্সি লিমিটেড, দক্ষিণ কোরিয়ার নিউ ওয়াটার টেক কোম্পানি ও শতাব্দী হাই বাংলাদেশ।রাজধানীর জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের উন্নয়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি প্রকল্পের সাতটি প্যাকেজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর অধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।কৃষি উৎপাদন অব্যাহত রাখতে প্রায় ৪৬৩ কোটি টাকা ব্যয়ে ৬০ হাজার টন সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) জন্য মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার কেনা হবে ২৬৩ কোটি ৬৩ লাখ টাকায়। অন্যদিকে কাফকো থেকে ১৯৯ কোটি ৯৪ লাখ টাকায় ৩০ হাজার টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করা হবে।এ ছাড়া বেনাপোল স্থলবন্দরের কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ৪৯ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ঠিকাদার নিয়োগ এবং বান্দরবান সড়ক বিভাগের আওতায় রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক নির্মাণ ও উন্নয়নকাজে ১৯৫ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।