রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্য অনুযায়ী, রমনা থানা থেকে ২ জন, ধানমন্ডি থানা থেকে ১০ জন, বংশাল থানা থেকে ১ জন, খিলক্ষেত থানা থেকে ২ জন, কদমতলী থানা থেকে ১ জন, মোহাম্মদপুর থানা থেকে ৮ জন, মিরপুর থানা থেকে ১ জন এবং তুরাগ থানা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর আটটি থানায় পরিচালিত এসব অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মোট ২৬ সদস্যকে আটক করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।