NEWSTV24
সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা নিচুতে আপত্তি জামায়াত এমপি মুজিবুর রহমান
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১৮:৪৮ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে বা নিচু করে সম্মান প্রদর্শনের রীতিতে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ আপত্তি জানান। 

সংসদের অধিবেশন কক্ষে প্রবেশের সময় সম্মান প্রদর্শনে স্পিকারের চেয়ারের দিকে মাথা নত করেন এমপিরা। আবার অনেকে দাঁড়িয়ে সালাম দেন। আজ মঙ্গলবার বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধিতে সংসদে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার কথা বলা ছিল। এরপর সংশোধনী আনা হয়। মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের পর্যায়ে চলে যায়। তাই বাদ দেওয়া হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্দেশে মুজবিুর রহমান বলেন, ‘আমি মাঝেমধ্যে খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন। আমরাও সালাম দেই, জবাব দেই। কিন্তু পরবর্তীতে দেখা যায় আগের ঝোঁকার রীতি এখনও আছে। আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারেরও আছে।’

কার্যপ্রণালি বিধিতে ‘শিরককে উৎখাত’ করার যে বিধি হয়েছে, তা সবার মেনে চলা উচিত— মন্তব্য করে জামায়াত এমপি আরও বলেন, ‘এতে নেকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, কাল-কেয়ামতে এটা থেকে আমরা উপকার লাভ করব।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি কার্যপ্রণালি বিধি দেখে এ বিষয়ে জানাবেন। তবে এটা সবার জন্য ব্যক্তিগত বিষয়। কেউ সালাম দেবে, কেউ মাথা ঝোঁকাবে। সারা পৃথিবীর সংসদে এ রকম আছে। তা–ও তিনি দেখবেন বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না।